সর্বশেষঃ

কী ঘটেছিলো ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থীর সাথে

ডেস্ক রিপোর্ট :

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী জাকারিয়া নিরাপদে পরিবারের কাছে ফিরে এসেছে।

অভিভাবক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে নাস্তা সেরে স্কুল ড্রেস পরে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় জাকারিয়া। তবে সে স্কুলে না গিয়ে ভোলা ইলিশা ঘাট থেকে লঞ্চযোগে ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বাসায় না ফেরায় তার বাবা আক্তার ফারুক বাচ্চু স্কুলের শ্রেণি শিক্ষক, সহপাঠী ও আত্মীয়-স্বজনদের কাছে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার কোনো সন্ধান মেলেনি।

​খোঁজ পাওয়ার পর পরিবার সূত্রে আংশিক ভাবে  ‘ভোলার সময়’কে জানানো হয়, মূলত ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়ে সদরঘাট পৌঁছানোর পর পথ হারিয়ে ফেলে জাকারিয়া এবং সেখানেই অবস্থান নিতে বাধ্য হয়।

​পরবর্তীতে জাকারিয়ার নিখোঁজের সংবাদ সামাজিক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সদরঘাট এলাকায় থাকা ভোলার এক পরিচিত সিএনজিচালক তাকে চিনতে পারেন এবং তাকে নিরাপদে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সন্তানকে ফিরে পাওয়ার খবর নিশ্চিত করে স্বস্তি প্রকাশ করেছে জাকারিয়ার পরিবার।

উল্লেখ্য, অন্য একটি সূত্রে ভোলার সময়কে অবহিত করেছেন, পরীক্ষায় নম্বর কম পাওয়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। তবে এ বিষয়টি তার পরিবার থেকে জানানো হয়নি।