দৌলতখান পৌরসভাকে টোল নিতে বললেন এমপি হাফিজ ইব্রাহিম
ডেস্ক রিপোর্ট :
সড়ক-মহাসড়ক ও খোলা স্থানে যানবাহন থেকে টোল আদায় বন্ধে উচ্চ আদালতের (হাইকোর্ট) স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভোলার দৌলতখান পৌরসভাকে ট্যাক্স বা টোল আদায়ের নির্দেশ দিয়েছেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে দৌলতখান পৌরসভা প্রাঙ্গণে পৌরসভা কর্তৃক আয়োজিত অনলাইন সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
অনুষ্ঠানে পৌরসভার জরাজীর্ণ আর্থিক চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে পৌরসভার অবস্থা অত্যন্ত করুণ এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা দেওয়াই অসম্ভব হয়ে পড়েছে। পূর্বে রিকশা, টেম্পোসহ নানা যানবাহন থেকে যেখানে বছরে প্রায় ৭০ লক্ষ টাকা রাজস্ব আয় হতো, তা এখন শূন্যের কোঠায় নেমে এসেছে। ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের জনপ্রিয়তা দেখানোর উদ্দেশ্যে যানবাহন থেকে এই নিয়মমাফিক ট্যাক্স আদায় বন্ধ করে দিয়েছিলেন বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
অনুষ্ঠানে আগামী ১ আগস্ট থেকে পুনরায় যানবাহন থেকে ট্যাক্স আদায় সচল করতে বলেন।
উল্লেখ্য, দেশের সড়ক-মহাসড়কে বা টার্মিনালের বাইরে যানবাহন থামিয়ে কোনো প্রকার টোল বা ট্যাক্স আদায় সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে হাইকোর্টের একাধিক সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও নির্দিষ্ট টার্মিনাল ব্যতীত খোলা রাস্তায় পৌরসভা বা উপজেলা পরিষদের নামে টোল তোলা বন্ধের পরিপত্র রয়েছে।
এমন পরিস্থিতিতে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ১ আগস্ট থেকে সড়কে ট্যাক্স বা টোল আদায়ের এই ঘোষণা কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে সুশীল সমাজ ও স্থানীয় পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে আইনি সংশয় ও অসন্তোষ দেখা দিয়েছে।