সর্বশেষঃ

প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায়নি ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট :

‘ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’-এর অর্ধবার্ষিক পরীক্ষার কয়েকটি পত্রের ফলাফল অনানুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে। তবে ফলাফলে হাসি ফোটেনি সিংহভাগ শিক্ষার্থীর মুখে। অর্ধবার্ষিক পরীক্ষায় প্রত্যাশা অনুযায়ী ফলাফল না পাওয়ায় হতাশ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা । তাদের অভিযোগ, পরীক্ষার আগে অধিকাংশ বিষয়ের শ্রেণিভিত্তিক সিলেবাস শেষ না হওয়াতেই এ বিপর্যয় ঘটেছে।

​খোঁজ নিয়ে জানা যায়, অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর পূর্বে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের মাত্র অর্ধেক বা এক-তৃতীয়াংশ সিলেবাস সম্পন্ন করা হয়েছিল। বিশেষ করে গণিত, ইংরেজি ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিলেবাস অসম্পূর্ণ থাকায় পরীক্ষার হলে চরম বিপাকে পড়ে শিক্ষার্থীরা। বেশি হতাশায় রয়েছেন যারা আলাদা কোচিং করতে পারেনি। ফলে কাঙ্ক্ষিত নম্বর থেকে বঞ্চিত হয়েছে তারা।

​নাম প্রকাশ না করা শর্তে অষ্টম ও নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, “অনেক বিষয়ের বেশ কিছু অধ্যায় শ্রেণিকক্ষে শেষই করা হয়নি। অথচ পরীক্ষায় সেসব অধ্যায় থেকেই প্রশ্ন এসেছে। আগে থেকে প্রস্তুতি নিতে না পারায় আমরা জানা প্রশ্নের উত্তরও সঠিকভাবে দিয়ে আসতে পারিনি।”

এই ​ফলাফল প্রকাশের পর ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরাও। নবম শ্রেণির একাধিক শিক্ষার্থী অভিভাবক বলেন, “আমরা মনে করেছিলাম সরকারি স্কুলে শিক্ষাদান নিয়মিত ও মানসম্মত হবে। কিন্তু সময়মতো সিলেবাস শেষ না হওয়াটা কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নির্দেশ করে। এর প্রভাব সরাসরি আমাদের সন্তানদের ফলাফলে পড়েছে।”

​এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, কে, এম ছালেহ্ উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি ভোলার সময়কে জানান, “শিক্ষক স্বল্পতা এবং অতিরিক্ত ছুটির কারণে কিছু বিষয়ে সময়মতো সিলেবাস শেষ করা সম্ভব হয়নি, এটা সত্যি। তবে আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। তবে আসন্ন বার্ষিক পরীক্ষার আগেই অবশিষ্ট সিলেবাস শেষ করতে অতিরিক্ত/বিশেষ ক্লাসের আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে এমন পরিস্থিতিতে পরতে না হয়।