ভোলা সরকারি কলেজে প্রথমবারের মতো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট :
ভোলা সরকারি কলেজের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’। শনিবার (১৮ জুলাই) কলেজ প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে যারা দেশের বিভিন্ন স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন, তাদের মেধা ও সাফল্যকে সম্মানিত করতেই মূলত এই আয়োজন। এতে ১৪৫ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করলেও উপস্থিত ছিলেন ৫১ জন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজেরই সাবেক কৃতি শিক্ষার্থী এবং বর্তমান ঝালকাঠি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নিজের স্মৃতিবিজড়িত বিদ্যাপীঠে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক নূর মোহাম্মদ মাসুদ, ভোলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নজরুল হক অনু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন।
সভায় বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কলেজ সাংবাদিক সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে তুলে দেওয়া হয়।