মনপুরায় প্রধান শিক্ষক জামাল উদ্দিনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
ডেস্ক রিপোর্ট :
ভোলার মনপুরা উপজেলার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় এবং বিভিন্ন আর্থিক অনিয়ম ও আত্মসাতের অভিযোগ তদন্তে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এই সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের নজরে আসে এবং এর পরিপ্রেক্ষিতেই এই তদন্ত কমিটি গঠন করা হয়।
গত ২৯ জুন ২০২৬ তারিখে বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত ১১ জুন ২০২৬ তারিখে জনাব মোঃ আব্দুর রহমান নামের এক ব্যক্তি শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ২৮ জুন ২০২৬ তারিখে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নথি আদেশের প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা বোর্ডের অফিস আদেশে, মনপুরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রেজাউল করিম (অ: দা) কে উক্ত অভিযোগের বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন দ্রুত প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।
চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার জেলা প্রশাসক (ডিসি) এবং মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।