সর্বশেষঃ

ভোলায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট :

ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে স্বামীর সঙ্গে অভিমানের জেরে সামিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত সামিয়া বেগম ওই এলাকার রাকিব হোসেনের স্ত্রী। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন ছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসার স্বাভাবিকভাবে চললেও বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে দাম্পত্য কলহ দেখা দেয়। ঘটনার দিন দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতে আবারও কথা-কাটাকাটির একপর্যায়ে রাকিব ঘর থেকে বেরিয়ে যান। পরে সামিয়া ঘরের ভেতরে গলায় ফাঁস দেন বলে পরিবারের দাবি।

পরে রাকিব ফিরে এসে স্ত্রীর কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী রাকিব হোসেন বলেন, তিনি স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছিলেন। পরে ঘর থেকে বের হয়ে গেলে এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।