সর্বশেষঃ

ভোলার সময়ে সংবাদ প্রকাশ : তজুমদ্দিন সরকারি কলেজে এডমিট বানিজ্য কাণ্ডে অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট :

ভোলার তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বিতরণে অবৈধভাবে ৮০০ টাকা করে আদায়ের অভিযোগ নিয়ে ‘ভোলার সময়’-এ সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে এই অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহজালালের বিরুদ্ধে এবার উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

​মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (কলেজ ও প্রশাসন উইং) থেকে জারিকৃত এক অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশে স্বাক্ষর করেছেন সংশ্লিষ্ট উইংয়ের সহকারী পরিচালক ফজলুল হক মনি।

ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেনকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য করা হয়েছে একই কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. এমরান হোসেনকে । গঠিত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

​উল্লেখ্য, গত ২৮ জুন (রবিবার) কোনো প্রকার রসিদ ছাড়াই পরীক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক ৮০০ টাকা আদায়ের ঘটনা ঘটে। টাকা না দিলে এডমিট কার্ড দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন পরীক্ষা কমিটির শিক্ষকরা। এ নিয়ে ‘ভোলার সময়’-এ সংবাদ প্রকাশিত হলে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষা অধিদপ্তর বিষয়টিকে আমলে নিয়ে দ্রুত এই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।

​এ বিষয়ে ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী জানান, তদন্ত কমিটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি হোক এবং এই অবৈধ অর্থ বাণিজ্য বন্ধ হোক, যাতে কোনো দরিদ্র শিক্ষার্থী পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত না হয়।