সর্বশেষঃ

ভোলার রাজাপুরের কৃতিসন্তান রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ২৯তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রোজী আক্তার। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কৃতিসন্তান।

রোজী আক্তারের শৈশব, বেড়ে ওঠা ও শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় কেটেছে ভোলায়। তিনি ভোলা সদর গার্লস স্কুল থেকে এসএসসি এবং ভোলা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১১ সালে ২৯তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ প্রশাসন ক্যাডারে যোগদানের পর তিনি সহকারী কমিশনার (এসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিবসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার জন্য তিনি প্রশাসনে একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।

কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ তাঁর নতুন দায়িত্বে সফলতা এবং কুমিল্লার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, রোজী আক্তার ঢাকাস্থ রাজাপুর ইউনিয়ন কল্যাণ সমিতির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা এবং সরকারি তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক মো. জসিম উদ্দিনের সহধর্মিণী।