
ডেস্ক রিপোর্ট :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাস উপলক্ষ্যে ভোলার জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম ‘ভোলার সময়’-এর আয়োজনে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার বেলা সাড়ে ১১টায় শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান ‘জ্ঞানগৃহ একাডেমি’র হল রুমে আমন্ত্রিত অতিথিরা ভাষা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
ভোলার সময়ের নির্বাহী সম্পাদক মো. দিদার হোসেরনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন, ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান, ইলিশা ইসলামিয়া মডেল কলেজের সহকারী অধ্যাপক রিপন চন্দ্র দে, জ্ঞানগৃহ একাডেমির পরিচালক মো. ইয়াছিন শরীফ, ভোলার সময়ের উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ভোলার সময়ের স্টাফ রিপোর্টার মেসকাত আহাম্মেদ।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বায়ান্নর এ মাসে ভাষা আন্দোলন ছিল মূলত নিজ ভাষায় কথা বলার মৌলিক অধিকার আদায়ের লড়াই। পাকিস্তানি শাসকগোষ্ঠী যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল, তখন বাঙালিরা প্রমাণ করেছিল যে, মায়ের ভাষার চেয়ে প্রিয় আর কিছু হতে পারে না। এটি বিশ্বের একমাত্র আন্দোলন যেখানে ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে।
তারা আরও বলেন, ফেব্রুয়ারি মাস ভাষার মাস। এ মাসে এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের লেখা সুন্দরের প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখবে । তারা শিক্ষার্থীদের বেশি বেশি বাংলা চর্চা করা ও শুদ্ধ ভাষায় কথা বলার আহ্বান জানান। পাশাপাশি এমন শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করার জন্য ভোলার সময় কতৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় জ্ঞানগৃহ একাডেমির শিক্ষক জয় ভাওয়াল, সামুদা আখি, শান্ত দে, ‘ফুলকুড়িঁ আসর, ভোলার সংগঠক রায়াতুল ইসলামসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 







