মনপুরার কলাতলীতে ভাঙ্গনের মুখে গুরুত্বপূর্ণ সড়ক, মসজিদ ও কবরস্থান
মনপুরা (ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাজী জামে মসজিদ সংলগ্ন এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে নদী ও পানির স্রোতে ভাঙনের কবলে পড়েছে। গত তিন মাস ধরে সড়কটির একটি বড় অংশ ভেঙে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও নদীভাঙন রক্ষায় মিলেনি কোনো সরকারি উদ্যোগ। বাধ্য হয়ে যোগাযোগ ব্যবস্থা টিকিয়ে রাখতে স্থানীয় বাসিন্দারা নিজেদের সামর্থ্য অনুযায়ী বাঁশ, মাটি ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে পানির তীব্র স্রোতে স্থানীয়দের এই স্বেচ্ছাশ্রমের উদ্যোগও ভেসে যাচ্ছে, রূপ নিচ্ছে ব্যর্থতায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এই সড়কটি কলাতলী ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র প্রধান মাধ্যম। প্রতিদিন দুই ওয়ার্ডের অসংখ্য শিক্ষার্থী, কৃষক, বয়োবৃদ্ধসহ সর্বস্তরের মানুষ এই পথ দিয়ে চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। সড়কটির ভাঙন ঠেকাতে গ্রামবাসীরা সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করলেও তা স্থায়ী কোনো কাজে আসছে না। পানির তোড়ে বারবার নির্মিত বাঁধ ভেঙে গিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।
সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, সড়কের এই ভাঙন পয়েন্টের একদম কোল ঘেঁষেই গড়ে উঠেছে স্থানীয়দের আবেগ ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু হাজী জামে মসজিদ, একটি মাদ্রাসা এবং একটি কবরস্থান। সড়কটির সুরক্ষা নিশ্চিত করা না গেলে যেকোনো মুহূর্তে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দাদের আবেদন, শুধু মাত্র সাধারণ মানুষের সীমিত সামর্থ্য দিয়ে এত বড় ভাঙন রোধ করা অসম্ভব। নিজস্ব উদ্যোগে করা চেষ্টা যেন বিফলে না যায়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করা জরুরি। এলাকাটিকে আরও বড় বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে সড়কটি টেকসইভাবে সংস্কারের পাশাপাশি হাজী জামে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান রক্ষায় অবিলম্বে জিও ব্যাগ বা স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।