সর্বশেষঃ

মনপুরা সরকারি ডিগ্রি কলেজ: বাহির থেকে যেন ‘বাগানবাড়ি’

মো. রাসেল ফরাজী, কলেজ ক্যাম্পাস থেকে

মনপুরার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ‘মনপুরা সরকারি ডিগ্রি কলেজ’। দীর্ঘদিন ধরে কলেজটির প্রধান প্রবেশদ্বারে কোনো গেট ও নামফলক না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানটির স্বাভাবিক সৌন্দর্য ও পরিচিতি। উপজেলার প্রথম সারির কলেজের এমন বেহাল দশায় হতাশ উপজেলাবাসী।

​১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি উপজেলার তিনটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চালুর পর থেকে প্রধান ফটকে সীমানা গেট ও নামফলক থাকলেও প্রায় এক দশক আগে তা ভেঙে পড়ে। এরপর থেকে দীর্ঘ সময় পার হয়ে গেলেও নতুন করে গেট নির্মাণে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

​কলেজের স্নাতক ২য় বর্ষের শ্রেণির শিক্ষার্থী মো. জসীম উদ্দিন বলেন, ” সরকারি কলেজে এসে যদি গেট বা নামফলকই না দেখা যায়, তবে বহিরাগত যে কেউ এটি চেনার সুযোগ পায় না। সীমানা প্রাচীর ও গেট না থাকায় অনাকাঙ্ক্ষিত মানুষ ও গবাদিপশু অনায়াসেই ক্যাম্পাসে ঢুকে পড়ে, যা আমাদের পড়াশোনার পরিবেশ নষ্ট করছে।”

​বিদ্যাপীঠের সার্বিক পরিবেশ নিয়ে স্নাতক ২য় বর্ষে পড়ুয়া মো. আবদুল করিমের অভিভাবক মো. নুরুল হক জানান, “একটি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠের যদি নামফলকই না থাকে, তবে তা অত্যন্ত দুঃখজনক। অভিভাবক হিসেবে আমরা চাই দ্রুত এখানে সুন্দর একটি গেট ও ডিজিটাল নামফলক স্থাপন করা হোক, যাতে কলেজের ঐতিহ্য রক্ষা পায়।”

​এ ব্যাপারে জানতে চাইলে মনপুরা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভাস্কর নন্দী জানান, “কলেজের নান্দনিকতা ও নিরাপত্তার স্বার্থে গেট ও নামফলক তৈরি করা জরুরি। এ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদন অনুমোদন লাভ করলেই দ্রুততম সময়ে গেট ও নামফলক নির্মাণের কাজ শুরু হবে।”