ভোলায় এসএসসির ফলাফলে টানা পতন: পাসের হার নেমে ৫৩.৭১ শতাংশ
ডেস্ক রিপোর্ট : ভোলা জেলায় প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে টানা দুই বছর ধস অব্যাহত রয়েছে। গত বছরের ধারাবাহিকতায় এ বছরও এই জেলায় পাসের হার ও জিপিএ-৫ উভয় সূচকই আশঙ্কাজনকভাবে কমেছে। চলতি বছরের ফলাফলে দেখা যায়, জেলায় পাসের হার কমে দাঁড়িয়েছে মাত্র ৫৩.৭১ শতাংশে।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ভোলা জেলা থেকে মোট ১৪ হাজার ১৯৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে কৃতকার্য হতে পেরেছে মাত্র ৭ হাজার ৬২৫ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর অর্ধেকের সামান্য বেশি। এছাড়া পুরো জেলা জুড়ে মাত্র ৩৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে।
২০২৪ সালে জেলায় যেখানে প্রায় ৯০ শতাংশ (৮৯.২৭%) শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল, সেখানে ২০২৫ সালে পাসের হার একলাফে ৫৪.৭০ শতাংশে নেমে আসে। চলতি বছর সেই ধারা অব্যাহত থেকে পাসের হার আরও কমে ৫৩.৭১ শতাংশে দাঁড়িয়েছে।